ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-১৪৭)ছিনতাইকারী উঠতি এক নায়িকার প্রেমে ব্যর্থ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ করা হয়েছে এমন ঘটনা।
আজ রোববার বিকেলে ৫টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ওই ফ্লাইটের জরুরি অবতরণ করানো হয়। ফ্লাইটটি পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও এপিবিএন সসদ্যরা ঘিরে রেখেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র থেকে জানা গেছে, ঢাকা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই যাত্রীবেশে থাকা সশস্ত্র দুর্বৃত্ত বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। পরে সেটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করানো হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স মোতায়েন রয়েছে।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান বিমান ছিনতাইকারী
প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, 'অস্ত্র হাতে এক দুর্বৃত্ত ককপিটে ঢুকতে চাইলে পাইলটরা তাতে বাধা দেন। এ সময় একটি গুলির আওয়াজও তারা শুনতে পান। সন্দেহভাজন ওই ব্যক্তি নিজের বুকে বোমা বাঁধা আছে দাবি করে প্রধানমন্ত্রী এবং সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চান। সব যাত্রী নিরাপদে নেমে গেলেও কেবিন ক্রুদের জিম্মি করে রাখা হয়েছে।'
বিষয়টি নিশ্চিত করে সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক বলেন, বিমানের ভেতরে এখনো দুজন ক্রু ও সন্দেহভাজন রয়েছেন।তবে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।



