Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অবৈধ গ্রাহকদের ধরতে বাড়ি বাড়ি যাওয়ার কথা ভাবছে তিতাস

নসরুল হামিদ বলেন, ‘সিএনজি স্টেশনগুলো কী পরিমাণ গ্যাস বিক্রির অনুমোদন নিয়ে কী পরিমাণ বিক্রি করছে, তা যাচাইবাছাই করা হবে’

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৮:০৮ পিএম

অবৈধ ব্যবহারকারীদের ধরতে এবার বাড়ি বাড়ি যাওয়ার কথা ভাবছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তিতাস কার্যালয় পরিদর্শনে এসে এ কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, “তিতাসের এলাকায় অনেক ভূতুড়ে গ্রাহক পাওয়া গেছে। এখন তিতাসকে বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে লাইনগুলো পরীক্ষা করে দেখতে। এর মাধ্যমে আরও অবৈধ গ্রাহক পাওয়া যাবে।”

তিনি আরও বলেন, “এখন সিএনজি স্টেশনগুলোর এনার্জি অডিট করা হবে। সিএনজি স্টেশনগুলো কী পরিমাণ গ্যাস বিক্রির অনুমোদন নিয়ে কী পরিমাণ বিক্রি করছে, তা যাচাইবাছাই করা হবে। এছাড়াও সিএনজি স্টেশনের মিটারগুলো ক্যালিব্রেশন করার পাশাপাশি বিস্ফোরকের অনুমোদন রয়েছে কি-না তা দেখা হবে।”

নসরুল হামিদ জানান, গত দুই বছরে ৮ লাখ ৬৫ হাজার ৭০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ৩৩৬টি শিল্প সংযোগ, ৪৭৫টি বাণিজ্যিক সংযোগ, ৯৭টি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, ১৩টি সিএনজি স্টেশন রয়েছে। বাকি সংযোগগুলো গৃহস্থালির।”

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লাহসহ তিতাসের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x