বাংলাদেশে কোনো রাজনৈতিক মামলা হয় না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
রবিবার (১২ মে) সকালে রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে মুটকোর্ট ক্লাবের উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন এ মন্তব্য করেন।
রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, “বাংলাদেশে আমার জানামতে কোনো রাজনৈতিক মামলা হয় না। পুলিশ কোনো রাজনৈতিক মামলা করে না। একটি ঘটনা ঘটলে একজন ইনফরমেটিভ হন, পরবর্তীতে রাষ্ট্র মামলাগুলো পরিচালনা করে।”
দেশের আদালতগুলোতে মামলাজট প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, “উন্নত দেশগুলোতে অধিকাংশ মামলা বিচারের আগেই নিষ্পত্তি হয় আপস-মীমাংসার মাধ্যমে। যার ফলে মামলা বিচারের জন্য যায় কম। সে কারণে ওদের মামলার জটটাও কম। আর আমাদের দেশে প্রায় সকল মামলাই বিচারের জন্য আদালতে যায়।”
তিনি বলেন, “প্রতিটি মামলাতে সাক্ষ্য হয়, প্রমাণ হয়; এসব করতে সময় লাগে। একজন বিচারকের কাছে ২০টা, ২৫টা, ৫০টা কিংবা ১০০টা মামলা থাকে। তখন নিষ্পত্তি করতে সময় লাগে।”
এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইনে এখন পর্যন্ত সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে কি-না আমার জানা নেই। সম্ভবত মামলা হয়নি। এই আইনটা সতর্কভাবে প্রয়োগ করার কথা আছে এবং এই মামলাগুলো যিনি করবেন, তাকে কিন্তু অনেক কিছু প্রমাণ করতে হয়। এ কারণে এই আইনে মামলা করা সহজ নয়। এই আইনে কারও যেন হয়রানি না হয়, সেজন্য সর্বোচ্চ সতর্কতা রাখা হয়েছে।”



