Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাহবাগ না ছাড়ার ঘোষণা আন্দোলনকারীদের

দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৫:৫১ পিএম

সরকার পতনের এক দফা দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। সরকারের পদত্যাগের ঘোষণা না দেওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।

রবিবার (৪ আগস্ট) দুপুর থেকে শাহবাগ মোড়ে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে মাইকে ঘোষণা দেওয়া হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছেড়ে না যেতে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগে শিক্ষার্থীরা অবস্থান নিলে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে শাহবাগ, শহিদ মিনার, টিএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নেয় আন্দোলনকারীরা।

শাহবাগ মোড়ে শিক্ষার্থীরা একটি মঞ্চ তৈরি করে সেখানে নানা স্লোগান ও বক্তব্য দিচ্ছেন। মঞ্চ ঘিরে চারদিকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

শাহবাগ ছাড়াও ঢাকা ক্লাব, টিএসসি, ইন্টারকন্টিনেন্টাল মোড়, জাতীয় জাদুঘর, কাঁটাবন, বিএসএমএমইউর সামনের অংশে অবস্থান নিয়েছেন তারা। ৫টা পর্যন্ত টিএসসি, বাংলামোটর, কাঁটাবন থেকে একের পর এক মিছিল এসে মিশেছে শাহবাগে। আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন। তারা পুলিশকে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে অবস্থান করছেন বলে জানিয়েছেন।

এদিকে, সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের “সর্বাত্মক অসহযোগ” কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ, শিক্ষার্থী, আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ মানুষসহ অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

   

About

Popular Links

x