Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দেওয়ার নির্দেশ উপদেষ্টা নাহিদের

ঢাকার আইসিটি টাওয়ারে এটুআই-এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা এই নির্দেশনা প্রদান করেন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম

অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার আইসিটি টাওয়ারে এটুআই-এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা এই নির্দেশনা প্রদান করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, “এটুআই কর্তৃক গৃহীত উদ্যোগগুলো দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে। উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। এটুআই-এর অনিয়ম দুর্নীতি নিয়ে একাধিক তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত প্রক্রিয়া যেন নিরপেক্ষ এবং স্বচ্ছ হয়।”

নাহিদ ইসলাম বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সেই রক্তের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের কাজ করতে হবে। এটুআই এর কাজের ব্যাপারে যেন কোন অভিযোগ না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে।”

তিনি বলেন, “দেশে যে রাজনৈতিক ধারা অব্যাহত আছে তা সংস্কার প্রয়োজন। পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কার করতে হবে। আমাদের রাষ্ট্র কাঠামো একব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছে। সংবিধান প্রধানমন্ত্রীকে এমন ক্ষমতা দিয়েছে যা সীমাহীন। আমরা সকলের সাথে আলোচনা করে এ ধারা পরিবর্তন করতে চাই।”

তিনি আরো বলেন, “ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে শহীদের রক্তের প্রতি সম্মান রেখে কাজ করে যেতে হবে। এ আন্দোলনে একেবারেই সাধারণ মানুষ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। তাদের এ আত্মত্যাগের কথা মাথায় রেখেই আমাদের কাজ করে যেতে হবে।”

   

About

Popular Links

x