Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ৩ দিনের রিমান্ডে

২০০৮ থেকে টানা ৩ বার সংসদ সদস্য

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ইমরান হাসান নামে এক ছাত্রকে গুলি করে হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

গতকাল সোমবার রাত ১০টার দিকে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর আজ আদালতে হাজির করে এই মামলায় পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নামঞ্জুর চেয়ে জামিন আবেদন করলে উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, “শেখ হাসিনার সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মধ্যে গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমাম হাসান।”

নূরুল ইসলাম ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তারপর থেকে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি রেলমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

   

About

Popular Links

x