পাবনায় ওয়াজ মাহফিল শুনতে গিয়ে প্যান্ডেলের বাইরে বাগ্বিতণ্ডার জেরে শিমুল হোসেন (২১) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহত শিমুল চর ঘোষপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- একই এলাকার কাওসার হোসেন (১৯) ও দিসার আলী (২০)।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শান্ত হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চরঘোষপুর গ্রামে ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের প্যান্ডেলের বাইরে বিভিন্ন দোকাপনাট বসে। সেখানে ওয়াজ শুনতে যাওয়া কয়েকজন তরুণের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে। এ ছুরিকাঘাতে তিনজন আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওযা হয়। তবে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান তেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই শিমুলের মৃত্যু হয়।
ওসি আব্দুস সালাম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



