Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৪ বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম

মাঘের মাঝামাঝিতে দেশের বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট বিভাগের দুয়েক জায়গায় এবং নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, “রবিবার পর্যন্ত আবহাওয়া এরকমই (মেঘলা) থাকবে। তবে কালকে (শনিবার) মেঘটা কিছুটা কমে আসবে; কিন্তু কুয়াশা বাড়বে।”

আপাতত শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, “৩ বা ৪ তারিখের দিকে শীত একটু হবে। আবার একটু কমবে। আবার ৭ বা ৮ তারিখের দিকে শীত একটু হবে।”

গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

   

About

Popular Links

x