Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শর্তসাপেক্ষে ইজতেমা করতে পারবে সাদ অনুসারীরা

সাদ পন্থীরা ৩ দিন বিশ্ব ইজতেমা পালন করতে পারবে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৩ পিএম

তাবলীগ জামাতের মাওলানা সাদের অনুসারীদের আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ তীরের ময়দানে বিশ্ব ইজতেমা করার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী বছর থেকে সাদ পন্থিরা টঙ্গির ময়দানে আর বিশ্ব ইজতেমা কার্যক্রম না করার শর্তে এ বছর তাদের ইজতেমা করার অনুমতি দিয়েছে প্রশাসন। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৬ শাখার উপ-সচিব আবু সাঈদের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।  

চিঠিতে বলা হয়, তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম তথা মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারীদের ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমা বুধবার (৫ ফেব্রুয়ারি) শেষ করে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

তাবলীগ জামাত বাংলাদেশের মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব মাওলানা সাদের অনুসারী সৈয়দ ওয়াসিফ ইসলাম ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। এরপর ২০ ফেব্রুয়ারি আবার টঙ্গীর ইজতেমা ময়দান শুরায়ী নেজাম বা মাওলানা মোহাম্মদ জুবায়েরের কাছে হস্তান্তর করবে প্রশাসন।

   

About

Popular Links

x