বাংলাদেশের সাংবিধানিক নাম “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ” পরিবর্তন করে “বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র” বা “পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ” নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এ প্রস্তাবনা জমা দেয়।
এদিন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে তারা লিখিত মতামত জমা দেন।
লিখিত মতামতে দলটির পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয়, সে জন্য “পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ” নামটি প্রস্তাব করছি।
এ বিষয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন জানান, শুদ্ধাচার, জবাবদিহিতা, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৪টি প্রস্তাবনা জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
তিনি এদিন আরও বলেন, “দুর্নীতি-দুঃশাসন রোধে শরিয়া আইন তৈরি করতে হবে।” শরিয়া আইন নিয়ে বিএনপি একমত প্রকাশ করেছেন বলেও জানান ইসলামী আন্দোলনের এই প্রেসিডিয়াম সদস্য।
প্রতিনিধি দলে আরও ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।



ইসলামী আন্দোলন: পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা নামে কিছু করা যাবে না