Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসলামী আন্দোলন: পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা নামে কিছু করা যাবে না

নববর্ষের শোভাযাত্রার নামে 'মঙ্গল' থাকছে কি-না, জানা যাবে বৃহস্পতিবার

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৯:০৮ পিএম

বিগত বছরগুলোর মতো এবার বাংলা নববর্ষের দিন প্রথম পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে বের হবে “শোভাযাত্রা”। প্রায় তিন যুগ ধরে এটি “মঙ্গল শোভাযাত্রা” নামে চলে আসছে। তবে এ বছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে বেশ আলোচনা চলছে।

তবে শোভযাত্রার নামে “মঙ্গল” শব্দটি থাকছে কি-না তা আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) জানা যাবে। সেদিন শোভাযাত্রার আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে বিষয়টি জানাবেন। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী একথা জানিয়েছেন।

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বাংলা নববর্ষ উদযাপনে “মঙ্গল শোভাযাত্রা” নামে কোনো কিছু করা যাবে না। “মঙ্গল” শব্দ ও ধারণা বাদ দিতে হবে।

তার ভাষ্য, এগুলো ইসলাম সমর্থন করে না। তাই বাংলা নববর্ষ উদযাপনের কোনো আয়োজনে ইসলাম অসমর্থিত কিছু থাকা যাবে না বলে মন্তব্য করেছেন তিনি। ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে কোনো কিছু করা যাবে না বলেও উল্লেখ করেন।

বুধবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন বলে দলের এক বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “পহেলা বৈশাখ ঋতু সম্পর্কিত একটি বিষয়। এই অঞ্চলের মানুষের কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য, বিয়েশাদিসহ অনেক কিছুই ঋতুর সঙ্গে সম্পর্কিত। সে জন্য বাদশাহ আকবর ইসলামি বর্ষপঞ্জিকাকে ভিত্তি ধরে সৌরবর্ষ গণনার জন্য বাংলা সন প্রবর্তন করেছিলেন। এই সনের প্রবর্তনের সঙ্গে মুসলমানদের ইতিহাস-ঐতিহ্য জড়িত। একই সঙ্গে এই অঞ্চলের মানুষ হাজার বছর ধরে মুসলমান হওয়ার কারণে তাদের আচার-প্রথা ও সংস্কৃতিতে ইসলামবিরোধী কোনো কিছুর অস্তিত্ব কল্পনা করা যায় না। তাই বাংলা নববর্ষ উদযাপনের কোনো আয়োজনে ইসলাম অসমর্থিত কিছু থাকা যাবে না।”

ফয়জুল করীম বলেন, “নববর্ষের দিন মানুষ শালীনতা ও ইতিহাস-ঐতিহ্য সমর্থিত পন্থায় নানা আয়োজন করতেই পারে। কিন্তু সেই দিন কোনো যাত্রা করলে তাতে মঙ্গল হবে—এমন বিশ্বাস করলে বা ধারণা করলে, পরিষ্কারভাবে তা গুনাহর দিকে নিয়ে যাবে। তাই মঙ্গল শোভাযাত্রা নামে কোনো কিছু অবশ্যই করা যাবে না। ‘মঙ্গল’ শব্দ ও ধারণা অবশ্যই বাদ দিতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নববর্ষের আয়োজন থেকে মঙ্গল শব্দ ও ধারণা বাদ দেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে। 
এতে বলা হয়, “নববর্ষের আয়োজনে মূর্তিসহ ইসলাম অসমর্থিত সবকিছু বাদ দিন। বরং এ দেশের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যকে বিবেচনা করে ইসলাম সমর্থিত ধারণা ও উপকরণ ব্যবহার করুন।”

উল্লেখ্য, ঢাবির চারুকলা অনুষদ ১৯৮৯ সাল থেকে পহেলা বৈশাখে শোভাযাত্রা করে আসছে। শুরুতে এটির নাম ছিল আনন্দ শোভাযাত্রা। নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ হয় মঙ্গল শোভাযাত্রা।

জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানবিষয়ক সংস্থা ইউনেসকো ২০১৬ সালের ৩০ নভেম্বর মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে।

   

About

Popular Links

x