Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুড়ে যাওয়া প্রসঙ্গে যা জানালো চারুকলা অনুষদ

এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পিএম

আনন্দ শোভাযাত্রা উপলক্ষে বানানো ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিফটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছেন।

শনিবার (১২ এপ্রিল) সকালে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখের সই করা এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের লক্ষ্যে আনন্দ শোভাযাত্রার জন্য বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন প্রতীকী মোটিফ বানান। অন্যান্য মোটিফের সঙ্গে প্রতীকী দানবীয় ফ্যাসিস্টের মোটিফও বানানো হয়। অনুষদের দক্ষিণ পাশের গেট সংলগ্ন জায়গায় প্যান্ডেলের ভেতরে এই মোটিফগুলো রাখা হয়। কে বা কারা এর মধ্যে থেকে ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিফটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় শান্তির পায়রা মোটিফটিও আংশিক পুড়ে গেছে।  

এছাড়াও ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ওই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন। তখনই হয়তো এই কাজটি করা হয়েছে।”

তিনি আরও জানান, কীভাবে মোটিফগুলো পুড়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

   

About

Popular Links

x