Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

চারুকলায় আগুনে পুড়ল আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’

তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১১:০৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ- ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা আগুনে পুড়ে গেছে। তবে কীভাবে পুড়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

শনিবার (১২ এপ্রিল) সকালে ঢাবির চারুকলা অনুষদে সরেজমিনে গিয়ে দেখা যায়, মোটিফগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চারুকলা অনুষদের যেখানে মোটিফ তৈরির কাজ চলছিল সেখানে আগুন লেগে এগুলো পুড়ে গেছে বলে জানা যায়। আগুনে দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতির মোটিফটি পুরোপুরি পুড়ে গেছে। শান্তির পায়রা মোটিফটিও আংশিক পুড়ে গেছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন। তখনই হয়তো এই কাজটি করা হয়েছে।”

তিনি আরও জানান, কীভাবে মোটিফগুলো পুড়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এ ঘটনায় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, “ভোরে আগুন লেগে এমনটি হয়েছে। দুটি মোটিফ পুড়ে গেছে।”

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ শোভাযাত্রার প্রধান মোটিফ ছিল ‘‘ফ্যাসিবাদের মুখাকৃতি’’। এটির উচ্চতা ২০ ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাঁড়া চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে।

   

About

Popular Links

x