Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শোভাযাত্রায় ২০০ গিটারিস্ট নিয়ে গান গাইবে বাম্বা, থাকবে ‘ড্রোন শো’

  • মঙ্গল শোভাযাত্রার নাম কী হবে- তা আগামীকাল জানা যাবে
  • এবারের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ থাকবে
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৭:০৬ পিএম

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, “নববর্ষের শোভাযাত্রায় প্রথমবারের মতো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বাম্বা) যুক্ত হচ্ছে। ২০০ গিটারিস্টসহ শোভাযাত্রায় অংশ নেবে বাম্বা। ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি সংহতি জানিয়ে তারা ‘ফ্রম দ্য রিভার টু সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’ গানটি গাইবে। এছাড়াও একটি ড্রোন শো অনুষ্ঠিত হবে, যেখানে ’২৪-এর জুলাই ছাত্র-জনতার আন্দোলনসহ বিভিন্ন বিষয়ের ওপর আয়োজন থাকবে।”

বুধবার (৯ এপ্রিল) বাংলা নববর্ষ এবং পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা এসব কথা বলেন।

মঙ্গল শোভাযাত্রার নাম কী হবে- তা আগামীকাল জানা যাবে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। 

সংস্কৃতি উপদেষ্টা বলেন, “দীর্ঘদিনের সাংস্কৃতিক বিভাজনকে আমরা সারিয়ে তোলার চেষ্টা করছি। তাই এবারের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণ থাকবে। প্রতিবারের মতো এদিনও ছায়ানটের অনুষ্ঠান হচ্ছে। তবে স্থান বদলে সুরের ধারার অনুষ্ঠানটি এবার রবীন্দ্র সরোবরে হবে।”

সরকারের অন্তর্ভুক্তিমূলক নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সুরের ধারা এবার বাংলা গানের বাইরেও ভিন্ন আয়োজন থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়াও চীনা দূতাবাসের আয়োজনে নববর্ষের দিন বিকেলে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি ড্রোন শো অনুষ্ঠিত হবে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। সবাই এটি দেখতে পারবেন।

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, “নববর্ষের শোভাযাত্রা মধ্যবিত্তদের চালু করা। তবে এর সঙ্গে ফসল-সম্পর্কিত ছিল। যে কোনোভাবে হোক আমাদের শোভাযাত্রায় এগুলো স্থান পায়নি। এবারের শোভাযাত্রায় কৃষক একটি বড় থিম হিসেবে থাকবে।”

   

About

Popular Links

x