ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থীর বিরুদ্ধে “সমকামিতার” অভিযোগ ওঠায় তাদের আবাসিক হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১২ আগস্ট) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনটিতে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামানের বরাতে বলা হয়েছে, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তারা ওই দুই শিক্ষার্থীর সিট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের বিরুদ্ধে আর কী পদক্ষেপ নেওয়া যায় সেটি নিয়ে পর্যালোচনা চলছে বলেও জানা গেছে।
তবে বিশ্ববিদ্যালয় বিধিমালা অনুযায়ী এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা নেই।
এর আগেও, বিশ্ববিদ্যালয়টিতে দুইবার সমকামিতার অভিযোগ ব্যাপকভাবে আলোচনায় এসেছিল। এক শিক্ষার্থীর বিরুদ্ধে বহিরাগতকে নিয়ে আসার অভিযোগ ওঠে। অপর ঘটনায় হল ছাত্র সংসদের একজন নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ ওঠে। সেসময় হল প্রশাসন হল সংসদের ওই নেতার সিট সাময়িক বাতিল করে। তবে প্রথম থেকেই অভিযোগটি অস্বীকার করেন ওই নেতা।



