ঢাকার সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শুরু হয় উত্তেজনা, যা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেন, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে। দুই পক্ষই একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের নিভৃত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে তৎপরতা চালাতে দেখা গেছে।



