Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের পুলিশের লাঠিপেটা

ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০২:১৮ পিএম

ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে লাঠিপেটা করে শিক্ষার্থীদের সরিয়ে দিতে দেখা গেছে পুলিশকে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হয় টিচার্স ট্রেনিং কলেজের সামনে। দুপুর ১২টার পর দুই পক্ষই ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।  পুলিশকে লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দিতে দেখা গেছে।

তবে ঠিক কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।

এর আগে গত ১৫ এপ্রিল এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা প্রায়ই ঘটছে বলেও জানিয়েছে পুলিশ।

নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুল ইসলাম বেলা ১টার দিকে বলেন, “দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি ছিল, এখন সেটা আর নেই। শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জেনেছি।”

   

About

Popular Links

x