Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভবনের নকশায় না থাকা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

বিধিবহির্ভূতভাবে গড়ে ওঠা এসব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করেছে ডিএসসিসি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম

রাজউক অনুমোদিত ভবনের নকশায় না থাকলেও বিধিবহির্ভূতভাবে গড়ে ওঠা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

সোমবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যমে এক গণবিজ্ঞপ্তি দিয়ে ট্রেড লাইসেন্স বাতিল করার বিষয়টি জানায় ডিএসসিসি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনের অভ্যন্তরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশায় না থাকলেও বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ (রেস্টুরেন্ট) পরিচালনা করা হচ্ছে এবং ভবনের ছাদে অবৈধভাবে রুফটপ রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ। বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ পরিচালনা করায় ইতিমধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদহানির ঘটনা ঘটছে। এসব ক্ষেত্রে অনেক অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান অনৈতিক উপায়ে কর্পোরেশনের ট্রেড লাইসেন্স গ্রহণ করেছে।

ডিএসসিসির গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্পদ ও জানমালের ঝুঁকি এড়াতে নকশাবহির্ভূত সব রেস্তোরাঁ এবং ভবনের ছাদে স্থাপিত রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করা হলো। বাতিল করা লাইসেন্স দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জিল্লুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “যেসব রেস্তোরাঁ সঠিক তথ্য না দিয়ে ট্রেড লাইসেন্স নিয়েছে, সেগুলো বাতিল করা হলেও ভবনের অনুমোদন বাতিল করা হয়নি। ভবনের নকশায় রেস্তোরাঁ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা তথ্য-উপাত্ত দিলে সেগুলো সচল করা হবে।”

এদিন তিনি আরও জানান, প্রতিটি রেস্তোরাঁকে আলাদা করে চিঠি পাঠান হবে।

এদিকে, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান এদিন সংবাদমাধ্যমকে বলেন, “কোনো প্রকার আলোচনা না করেই ডিএসসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে। রেস্তোরাঁ ব্যবসায়ীদের ওপর জুলুম চলছে। ট্রেড লাইসেন্স বাতিল করে ডিএসসিসি অভিযানে নামলে, ব্যবসায়ীরা নতুন করে হয়রানিতে পড়বেন। তখন আমাদের রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

জানা গেছে, ঢাকায় রেস্তোরাঁ ব্যবসা করতে হলে ১০ থেকে ১৩টি সংস্থা ও দপ্তর থেকে অনুমোদন নিতে হয়।

   

About

Popular Links

x