রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল সুশৃঙ্খল ও নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে মোট আটটি অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি অঞ্চলের জন্য নির্ধারিত হবে পৃথক রঙ, আর এক অঞ্চলে নিবন্ধিত ই-রিকশা অন্য অঞ্চলে বাণিজ্যিক উদ্দেশ্যে চলাচল করতে পারবে না।
রবিবার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ই-রিকশা চলাচলের নতুন নির্দেশিকা ও বিধিমালার সার্বিক দিক তুলে ধরে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, আগামীকাল সোমবার থেকে দেশের ১৩টি সিটি করপোরেশন ই-রিকশার নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবে। চালকদের এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, লাখ লাখ চালকের লাইসেন্স দেওয়ার সক্ষমতা সিটি করপোরেশনের না থাকায় আপাতত ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। প্রাথমিকভাবে চালকদের জন্য মালিকপক্ষের মাধ্যমে পরিচয়পত্রের ব্যবস্থা করা হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে প্রজ্ঞাপন জারি করে তাদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে।
ঘোষিত নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন মিলিয়ে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। দুই যাত্রীর ই-রিকশার জন্য প্রাথমিক নিবন্ধন ফি ৮ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা এবং চার যাত্রীর ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা ও বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা ধার্য করা হয়েছে। প্রতিটি রিকশায় কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নম্বরপ্লেট থাকবে, যার বয়সসীমা বা মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১২ বছর।
সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ই-রিকশাগুলোকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নকশা অনুযায়ী কাঠামোগত পরিবর্তন করে ট্রাফিক বিভাগের ফিটনেস সনদ নিতে হবে। এ ছাড়া এই বাহনের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার (জনবহুল এলাকায় ১৫ কিমি) নির্ধারণ করা হয়েছে। মহাসড়ক, এক্সপ্রেসওয়ে কিংবা বাস চলাচলের প্রধান সড়কে এসব রিকশা চলাচল করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ব্যাটারি চার্জিংয়ের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, চার্জিং স্টেশনগুলোকেও অনুমোদনের আওতায় আনা হচ্ছে এবং প্রতিটি স্টেশনে সৌরবিদ্যুৎ ও গ্রিডের বিদ্যুতের সমন্বিত ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হবে।
নিবন্ধন কার্যক্রম ও রিকশার কাঠামো পরিবর্তনের প্রক্রিয়া শুরু হওয়ার পর এক মাস পরে সার্বিক অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপের কথা সাংবাদিকদের জানানো হবে বলে জানান প্রতিমন্ত্রী।



