Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

মোটরসাইকেলে ধাক্কা লাগায় বাগ্বিতণ্ডার জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়

আপডেট : ১৪ মে ২০২৫, ১২:৪০ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তা‌র করেছে শাহবাগ থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকা থেকে তাদের আটক করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। “

শাহবাগ থানার ওসি জানান, গ্রেপ্তার তিনজন পেশায় ভাসমান হকার। তারা রাতে মদ-গাঁজা খায়, নেশা করে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাসুদ আলম জানিয়েছেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বহিরাগত। গ্রেপ্তাররা হলেন তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।

জানা গেছে, নিহতের বড় ভাই শরীফুল ইসলাম বুধবার (১৪ মে) সকালে শাহবাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় ১০-১২ জনকে আসামি একটি মামলা দায়ের করছেন।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, শাহরিয়ার আলম সাম্য রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তিনি ২২২ নম্বর কক্ষে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক সেসময় বলেন, “কয়েকজন সহপাঠী রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।"

এ ঘটনা সম্পর্কে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর এর আগে জানান, তদন্ত করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে, এ ঘটনায় রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করে ঢাবি ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনেও বিক্ষোভ করেন নেতাকর্মীরা। সেখান থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা।

   

About

Popular Links

x