Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবদুল হামিদকে নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগের পর তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে

আপডেট : ০৯ জুন ২০২৫, ১২:২৫ পিএম

থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা নিয়ে এক মাস পর দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “তদন্তে দোষী হলে আইনের আওতায় নেওয়া হবে। কেউ নির্দোষ হলে কেন সাজা দেব।”

সোমবার (৯ জুন) ডিএমপির যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত ৭ মে গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বৈষম্যবিরোধী আন্দোলনের কিশোরগঞ্জের এক মামলার আসামি হয়েও তিনি কীভাবে দেশত্যাগ করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

এরপর দায়িত্বে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তিন সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অনেকে বলেছেন যে কিছু কিছু মামলা আছে যেগুলোর কোনো তদন্ত হয়নি। তদন্তে যারা দোষী হয়েছে তাদের আইনের আওতায় আনা হয়েছে। আপনারাই (সাংবাদিক) সবসময় বলেছেন যেন নির্দোষরা কোনো অবস্থায় সাজা না পায়। এজন্য আমাদের তদন্তটা করতে দেন, যদি তদন্তে কেউ দোষী হয় তাহলে কাউকেই আইনের বাইরে রাখা হবে না, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব।”

ফৌজদারি মামলার তদন্তে দোষ বা অপরাধ মোটামুটি প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “নির্দোষ একজন মানুষকে কেন সাজা দেব।”

   

About

Popular Links

x