Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরার আদালতে ইভ্যালির রাসেলের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড  

সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালত এ রায় দেয়

আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:২২ পিএম

চেক প্রতারণার মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালত। একইসঙ্গে তাকে চেকে বর্ণিত টাকার সমপরিমান জরিমানা করা হয়েছে।

রবিবার (২২ জুন) বিকেল ৩টায় সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. হাবিবুর রহমান এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার শেখ তানজির আহমেদ ব্যক্তিগত প্রয়োজনে ইভ্যালিতে একটি অ্যাপাসি ১৬০ সিসির সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেল অর্ডার ও ক্রয়মূল্য পরিশোধ করেন। মোটরসাইকেলটি নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারায় ইভ্যালি কর্তৃপক্ষ তাকে ১ লাখ ৫৫ হাজার টাকার একটি চেক প্রদান করে। চেকটি নগদায়নের সর্বশেষ তারিখ ছিল ২০২২ সালের ১১ জানুয়ারি। বাদী চেকটি তার নিজ হিসাবে জমা দিলে চেকটি ডিজঅনার হয়। এ বিষয়ে ইভ্যালিকে লিগ্যাল (ডিমান্ড) নোটিশ পাঠানো হয়। ২০২২ সালের ৩০ জানুয়ারি ইভ্যালি কর্তৃপক্ষ নোটিশটি গ্রহণ করে। কিন্তু তারা বাদীর পাওনা অর্থ পরিশোধের কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতারিত হয়ে বাদী সাতক্ষীরা আমলি ১ নম্বর আদালতে ইভ্যালির সিইও মো. রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ মামলায় আদালত রবিবার ইভ্যালির সিইও মো. রাসেলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকে বর্ণিত টাকার সমপরিমাণ জরিমানা করেছেন। তবে রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন না। সাতক্ষীরা আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাড. এ বি এম ইমরান বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

   

About

Popular Links

x