Sunday, June 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

এক মাদ্রাসায় একজনই পরীক্ষার্থী, তাও ফেল

সারাদেশে ১৩৪ প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি

আপডেট : ১১ জুলাই ২০২৫, ১২:৫৪ পিএম

নওগাঁর আত্রাই উপজেলার ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফটকিয়া বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসাটি নন-এমপিওভুক্ত। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে একজন ছাত্রীর বিয়ে হয়ে গেছে, একজন ছাত্র বিদেশ চলে গেছে। বাকি দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও এর মধ্যে পরীক্ষা চলাকালীন সময়ে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী হাত ভেঙ্গে যাওয়ায় বাকী পরীক্ষায় তিনি অংশ গ্রহণ করতে পারেননি। একজন পরীক্ষার্থী নিয়মিত পরীক্ষায় অংশ নিলেও তিনি ফেল করেছেন।

এ বিষয়ে মাদ্রাসাটির সুপার গোলাম মোস্তফা বলেন, ‘‘দীর্ঘ ২৫ বছর ধরে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এখনও সেটি এমপিওভুক্ত না হওয়ায় অনেক শিক্ষকরা নিয়মিত পাঠদানে অমনোযোগী হয়ে পড়েছেন। ফলে শিক্ষার্থীরা ভালোভাবে তাদের পাঠদান পাননি। এতে করে ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে।”

আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আব্দুল্লা আল মামুন বলেন, ‘‘সবাই ফেল করা ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’’

 

   

About

Popular Links

x