Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ জেলার কমিটি স্থগিত

শুক্রবার রাতে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়

আপডেট : ১২ জুলাই ২০২৫, ১০:৫৯ এএম

চুয়াডাঙ্গাসহ দেশের ৭ জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটির দায়িত্ব বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনটির যশোর, ঝিনাইদহ, গাইবান্ধা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, জামালপুর ও বরিশাল জেলা শাখা এবং সংশ্লিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটিগুলোর নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।

এ ঘোষণার পর চুয়াডাঙ্গায় সংগঠনটির সাবেক নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। চুয়াডাঙ্গা জেলা শাখার সদ্য সাবেক সদস্যসচিব সাফফাতুল ইসলাম তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ওয়ালে লেখেন, ‘‘চুয়াডাঙ্গার আর কোনো অফিসিয়াল পরিচয় থাকল না। সাবেক হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। যে দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছিল, সেটি থেকে অফিশিয়ালি মুক্তি পেলাম। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার। ইনশাআল্লাহ, ভবিষ্যতে নতুন পরিচয়ে রাজপথে ফিরব। রাজপথই আমার পরিচয়, সবার কাছে দোয়ার দরখাস্ত রইল।’’

সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন, ‘‘সব সময় মানুষের জন্য কাজ করতে চাই। আগামীতে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকব। এ মুহূর্তে কোনো দলে যুক্ত হওয়ার ইচ্ছা নেই।’’

গত বছরের নভেম্বর মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠিত হয়। ছয় মাসের মেয়াদ শেষে এ বছরের এপ্রিলে কমিটির কার্যকাল শেষ হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, জেলা কমিটির পাশাপাশি উপজেলা কমিটিগুলোও স্থগিত করা হয়েছে।

   

About

Popular Links

x