চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমদাদুল হক (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাতে নওদাবণ্ডবিল গ্রামের নতুন বাসস্ট্যান্ড পাড়ায় এ ঘটনা ঘটে।
হত্যায় প্রধান অভিযুক্ত নাইস খন্দকারকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, বুধবার রাতে নাইস খন্দকার ও ইমদাদুল হক মিলে নওদাপণ্ডবিল এলাকার নতুন বাস স্ট্যান্ডে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ইমদাদুলকে উদ্দেশ্য করে নাইস বাজে মন্তব্য করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ইমদাদুল বিষয়টি নাইসের মাকে জানায়। এতে নাইস ক্ষিপ্ত হয়ে বাটাম দিয়ে ইমদাদুলের মাথায ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ইমদাদুল রক্তাক্ত জখম হন। ইমদাদুলকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে। হত্যার সঙ্গে জড়িত যুবক নাইসকে আটক করা হয়েছে।
নিহত ইমদাদুল হক আলমডাঙ্গা পৌর এলাকার নওদাবন্ডবিল গ্রামের বাসিন্দা। আটক নাইস খন্দকার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।



