বান্দরবানের লামা উপজেলায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ তিন স্কুল শিক্ষার্থীকে চারদিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজন নবম শ্রেণির এবং বাকি দুজন সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (১৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরের খুলশী থানা এলাকার পৃথক দুটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
বান্দরবানের পুলিশ সুপার মোহা. ওহাবুল ইসলাম খন্দকার এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে গতকাল বুধবার লামা উপজেলায় বাড়ি থেকে বের হয়ে তিনদিন ধরে নিখোঁজ রয়েছে বলে থানায় অভিযোগ করেছিলেন ওই তিন শিক্ষার্থীর পরিবারের সদস্যরা। ওই সময় এক শিক্ষার্থীর পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয় বলেও জানা যায়।
ওহাবুল ইসলাম খন্দকার জানান, গত রাতে চট্টগ্রাম মহানগরের খুলশী থানা এলাকার দুটি বাসা থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, তারা বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য সেখানে অবস্থান করছিল। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।



