গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় গত ১৬ জুলাই চারজন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। ঘটনার চারদিনের মাথায় চারটি হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। প্রতিটি মামলাতেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অজ্ঞাতপরিচয় ১,৪০০ থেকে ১,৫০০ নেতাকর্মীসহ দুষ্কৃতিকারীদের আসামি করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) মামলার বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান।
তিনি জানান, শনিবার (১৯ জুলাই) রাতে এসব মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আরও একটি হত্যা মামলা হবে।
পুলিশ সূত্র জানায়, গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন বাদি হয়ে কিশোর রমজান কাজী হত্যার ঘটনায় মামলা করেছেন। অপর তিন মামলার বর্ণনা ও আসামির সংখ্যা একইরকম।
এজাহারে বলা হয়েছে, এনসিপি নেতাকর্মীরা গত ১৬ জুলাই দুপুরে শান্তিপূর্ণ সমাবেশ শেষে পৌর পার্ক থেকে দুপুরে মাদারীপুরের উদ্দেশে গাড়িবহর নিয়ে রওনা দেন। তারা গোপালগঞ্জ শহরের এসকে সালেহিয়া মাদ্রাসার কাছে পৌঁছালে ১,৪০০ থেকে ১,৫০০ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাসহ দুষ্কৃতিকারীরা গাড়িবহরে দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা আইনশৃংখলা বাহিনীর ওপর গুলি চালায়। এ সময় রমজান কাজী (১৭) গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীপ্ত সাহার (২৭) মৃত্যুর ঘটনায় সদর থানার এসআই শামীম হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা ১,৪০০ থেকে ১,৫০০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। এজাহারে বলা হয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দুষ্কৃতিকারীরা বেলা আড়াইটার দিকে সেনাবাহিনী ও পুলিশকে লক্ষ করে গুলি চালায়। এ সময় কলেজ মসজিদের পাশে মিলন ফার্মেসির সামনের দীপ্ত সাহা গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার এসআই আবুল কালাম আজাদ বাদি হয়ে সোহেল রানা মোল্লা (৩০) হত্যার ঘটনায় মামলা করেন। এজাহারে বলা হয়েছে, লঞ্চ ঘাট এলাকায় আ্ওয়ামী লীগ ও দুষ্কৃতকারীদের গুলিতে সোহেল রানা আহত হন। তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয়। একইদিন লঞ্চ ঘাট এলাকার পুরাতন সোনালী ব্যাংকের সামনে আ্ওয়ামী লীগসহ দুষ্কৃতিকারীদের গুলিতে ইমন তালুকদার (১৭) নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা করেছেন এসআই শেখ মিজানুর রহমান। দুই মামলাতেই ১,৪০০ থেকে ১,৫০০ জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া, ১৭ জুলাই রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিকশাচালক রমজান মুন্সী (৩২)। এই ঘটনাতেও একটি হত্যা মামলা দায়ের হবে। রমজান মুন্সী ছাড়া অপর চারজনের মরদেহের সুরতহাল প্রতবেদন তৈরি বা ময়নাতদন্ত করা হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বিলম্বে হলেও ময়নাতদন্ত করা হবে। যদিও দীপ্ত সাহার লাশ দাহ করে ফেলায় সেক্ষেত্রে কী সিদ্ধান্ত হবে তা জানা যায়নি।



গোপালগঞ্জে হামলা-সংঘর্ষে নিহত বেড়ে ৫