Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেশি সিসির মোটরসাইকেল, দামি গাড়ির ওপর নতুন কর আসছে

অনলাইনে তাৎক্ষণিকভাবে ভ্যাট নিবন্ধন (বিআইএন) করার সুযোগ চালু হতে পারে আগামী অর্থবছরে

আপডেট : ১২ মে ২০২৬, ০৩:৩০ পিএম

অধিক ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন বা বেশি সিসির মোটরসাইকেল ও গাড়ির ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোটরসাইকেলে সিসিভেদে বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাজেট বিষয়ক সভায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে।

একইসঙ্গে ভ্যাট ব্যবস্থা সহজ করা, নতুন নিবন্ধিত ব্যবসার জন্য প্যাকেজ সুবিধা, কিছু খাতে ভ্যাট অব্যাহতি এবং কিছু ক্ষেত্রে ভ্যাট বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।

এদিকে, প্রথমবারের মতো মোটরসাইকেলের ওপর অগ্রিম আয়কর আরোপের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কোনো কর দিতে হবে না। তবে ১১১ থেকে ১২৫ সিসির বাইকে বছরে ২,০০০ টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির ক্ষেত্রে ৫,০০০ টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলে ১০,০০০ টাকা অগ্রিম আয়কর দিতে হবে।

বর্তমানে মোটরসাইকেল মালিকরা নিবন্ধন ফির সঙ্গে রোড ট্যাক্স পরিশোধ করেন। ২ বছরের জন্য এই ট্যাক্সের পরিমাণ ২,৩০০ টাকা এবং ১০ বছরের জন্য ১১,৫০০ টাকা।

বাইক ছাড়া অন্যান্য মোটরযানের ক্ষেত্রে ইঞ্জিন ক্ষমতা অনুযায়ী বার্ষিক ট্যাক্সের হার বর্তমানে ২৫,০০০ টাকা থেকে ৩,৫০,০০০ টাকা পর্যন্ত রয়েছে। ২০২৫ সালে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) এক তদন্তে দেখা গেছে, ৩,০০০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন অন্তত ৫,২৮৮টি বিলাসবহুল গাড়ি বিআরটিএ-তে নিবন্ধিত রয়েছে।

নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে ফিটনেস নবায়ন বা সংশ্লিষ্ট প্রক্রিয়ার সময় অগ্রিম আয়করও দিতে হবে। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এই কর সমন্বয়ের সুযোগ থাকবে।

জানা গেছে, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮ লাখ ৭০ হাজার। এর মধ্যে করযোগ্য বাইকের সংখ্যা প্রায় ৩৮ লাখ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গড়ে প্রতিটি বাইক থেকে ৪,০০০ টাকা করে কর আদায় করা গেলে সরকারের কোষাগারে বছরে প্রায় ১,৫২০ কোটি টাকা যোগ হতে পারে।

এ ছাড়া টিআইএনের মতো তাৎক্ষণিকভাবে অনলাইনে ভ্যাট নিবন্ধন বা বিআইএন নেওয়ার সুযোগ চালু হতে পারে আগামী অর্থবছর থেকেই। বর্তমানে বিআইএন নিতে আবেদন ও যাচাই-বাছাইয়ের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। নতুন ব্যবস্থায় ঘরে বসেই অনলাইনে তাৎক্ষণিক বিআইএন নেওয়া যাবে। ব্যবসায়িক ব্যাংক হিসাব খুলতেও বিআইএন বাধ্যতামূলক করা হতে পারে।

এনবিআরের এক কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বা খুচরায় অনেক মানুষ ব্যবসা করছেন। কেউ কেউ খুব ভালো বেচাকেনা করছেন তারা হয়তো ভ্যাট জালের বাইরে। সেইসব ব্যবসায়ীদের নিয়ম-কানুনের মধ্যে আনতে ভ্যাট নিবন্ধন সহজ করা হতে পারে।

ভ্যাট অব্যাহতির ক্ষেত্রেও আসছে কিছু পরিবর্তন। আগামী বাজেটে হার্টের রিং ও ডায়ালাইসিসের টিউবে ভ্যাট ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে এসব গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের দাম কিছুটা কমতে পারে।

এদিকে তৈরি পোশাকশিল্পের ঝুট ব্যবসায়ীদের জন্য সুখবর আসতে পারে। বর্তমানে এই খাতে ১০% ভ্যাট দিতে হলেও আগামী বাজেটে তা অব্যাহতির প্রস্তাব রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দামী মোটরসাইকেলের ওপর কর আরোপ যুক্তিযুক্ত হতে পারে। তবে মোটরসাইকেল ব্যবহারকারীদের একটি বড় অংশই রাইড-শেয়ারিং কর্মী, ডেলিভারি অপারেটর, ক্ষুদ্র উদ্যোক্তা, বিক্রয় প্রতিনিধি এবং ওষুধ সরবরাহকারী। এছাড়া অপেক্ষাকৃত কম আয়ের পরিবারগুলো শিশুর স্কুলে যাতায়াত, বাজার যাওয়া কিংবা নানান পারিবারিক কাজে সাশ্রয়ী পরিবহন হিসেবে এটি ব্যবহার করেন।

মোটরবাইকের করের বিষয়টি গত বছর থেকেই আলোচনায় আসে, যখন রয়্যাল এনফিলস, ইয়ামাহা আরওয়ানফাইভ এর মতো দামি বাইক রাস্তায় নামে। রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেলগুলোর দাম সাড়ে ৩ লাখ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত। এছাড়া আর১৫ এর দাম ৬ লাখ টাকার বেশি।

   

About

Popular Links

x