Sunday, June 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২%

এ সময়ে খাদ্য ও খাদ্যবহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতি বেড়েছে

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৫:২৩ পিএম

দেশে ২০২৬ সালের মে মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (পয়েন্ট-টু-পয়েন্ট) ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৪২%। এর আগের মাস এপ্রিলে এই হার ছিল ৯.০৪%।

রবিবার (৭ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এই তথ্য প্রকাশ করে।

অর্থনীতিবিদরা বলছেন, দেশে নিত্যপণ্যের বাজারে উচ্চমূল্যের চাপ কমছেই না, বরং সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির বোঝা আরও ভারী হচ্ছে।

বিবিএসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায়ও বর্তমানে মূল্যস্ফীতির চাপ বেশি। ২০২৫ সালের মে মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৯.০৫%।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, মে মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছে। ২০২৬ সালের মে মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.০৬%, যা এপ্রিল মাসে ছিল ৮.৩৯%। এর আগে, ২০২৫ সালের মে মাসে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৮.৫৯%।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতির চিত্র উর্ধ্বমুখী। মে মাসে এই খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৭১%। ২০২৬ সালের এপ্রিল মাসে এই হার ছিল ৯.৫৭%। এক বছর আগে ২০২৫ সালের মে মাসে এ হার ছিল ৯.৪২%।

   

About

Popular Links

x