তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে কম্পিউটার সামগ্রী আমদানিতে বিদ্যমান শুল্ককর বিশেষভাবে কমানোর প্রস্তাব করেছে সরকার।
বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতার এ কথা জানিয়েছেন।
অর্থমন্ত্রী ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার ও কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, “কম্পিউটার পণ্যের আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করছি এবং এসএসডি আমদানির ক্ষেত্রে ৫% আমদানি শুল্ক ছাড়া সব ধরনের রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করছি।”
এছাড়া, কম্পিউটার প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও কম্পিউটার মনিটর আমদানিতে বর্তমানে আরোপিত ৫% অগ্রিম কর কমিয়ে ২% কমানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
মন্ত্রী আরও জানান, কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস খাতের দেশীয় বিকাশকে ত্বরান্বিত করতে কম্পিউটার, কম্পিউটারের যন্ত্রাংশ ও অন্যান্য ডিজিটাল ডিভাইস উৎপাদনের জন্য উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতি সুবিধা আগামী ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করা হয়েছে।



