দেশের সার্বিক মূল্যস্ফীতি ২০২৬ সালের জুন মাসে কিছুটা কমেছে। প্রধানত খাদ্যদ্রব্যের দামের নিম্নগতির কারণেই এ প্রবণতা দেখা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, জুন মাসে জাতীয় পর্যায়ে সাধারণ (পয়েন্ট-টু-পয়েন্ট) মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে ৯.১৬%। মে মাসে এই হার ছিল ৯.৪২%।
প্রতিবেদনে জানা যায়, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—উভয় খাতেই মূল্যস্ফীতির হার কমেছে। জুন মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৬০%, যা মে মাসে ছিল ৯.০৬%। অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি মে মাসের ৯.৭১% থেকে সামান্য কমে জুনে ৯.৬১% হয়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, এক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে। ২০২৫ সালের জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.৪৮%, যা এ বছরের জুনে বেড়ে ৯.১৬% হয়েছে।
এছাড়া, খাদ্য মূল্যস্ফীতিও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের জুনে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.৩৯%, যা ২০২৬ সালের জুনে দাঁড়িয়েছে ৮.৬০%। একইভাবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.৩৭% থেকে বেড়ে ৯.৬১% হয়েছে।



