Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভুয়া ঋণের প্রলোভন সম্পর্কে এডিবির সতর্কতা

এডিবি থেকে ঋণ দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সংস্থাটির নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করেছে।

সোমবার (২০ জুলাই) এডিবি কখনোই কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

একইভাবে, আর্থিক সহায়তার বিনিময়ে কোনো ব্যক্তির কাছে ব্যক্তিগত আর্থিক তথ্য চাওয়া বা মোবাইল ব্যাংকিং কিংবা অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দেওয়ার অনুরোধও করে না।

এডিবি জানায়, সম্প্রতি প্রতারকরা সংস্থাটির নাম ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ফেসবুক পেজ, ভুয়া পরিচয়পত্রসহ বিভিন্ন প্রতারণামূলক উপকরণ তৈরি করছে। এসবের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে এডিবির কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।

এ অবস্থায় জনসাধারণকে এ ধরনের ভুয়া ঋণের প্রস্তাব সম্পর্কে সতর্ক থাকার এবং এ ধরনের যোগাযোগে কোনো ধরনের সাড়া না দেওয়ার জন্য জোরালোভাবে পরামর্শ দিয়েছে সংস্থাটি। এডিবির ঋণ বা আর্থিক সহায়তার নামে কেউ যোগাযোগ করলে বিষয়টি সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে জানানোরও অনুরোধ করা হয়েছে।

এডিবি আরও জানায়, বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে সংস্থাটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকার এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে। তাই এডিবির প্রতিনিধি পরিচয়ে কেউ যদি সরাসরি ব্যক্তি পর্যায়ে ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেয়, তবে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।

   

About

Popular Links

x