আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের হজের নিবন্ধন ফি জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস বিভাগের (এসডিএমএডি) পরিচালক মো. আবদুল মান্নান স্বাক্ষরিত এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
সার্কুলারে বলা হয়, ২০২৭ সালের হজের নিবন্ধন ফি জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে নির্দেশ দেওয়া হলো।
এছাড়া লেনদেনের সময় শেষ হওয়ার পরও যতক্ষণ হজ নিবন্ধন ফি জমাদানকারী উপস্থিত থাকবেন, ততক্ষণ ব্যাংকগুলোকে অর্থগ্রহণ অব্যাহত রাখতে হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে, হজযাত্রীদের নিবন্ধন ফি জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ২০ সেপ্টেম্বর একটি চিঠি দেয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।



