Tuesday, October 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশজুড়ে ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ

টাকা তুলতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ গ্রাহক

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম

নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত উন্নয়নের দোহাই দিয়ে কেন্দ্রীয় ব্যাংক কিংবা সাধারণ গ্রাহকদের আগাম না জানিয়েই একযোগে ৩০টি বাণিজ্যিক ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা বন্ধ রাখা হয়েছে। 

রবিবার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে শুরু হওয়া এই অচলাবস্থা আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত টানা প্রায় ছয় দিন ধরে চলার কথা রয়েছে। কোনো পূর্বঘোষণা ছাড়াই কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এটিএম বুথ, কার্ড ও পয়েন্ট অব সেল (পিওএস) সেবা হঠাৎ থমকে যাওয়ায় প্রয়োজনের সময় টাকা তুলতে গিয়ে দেশজুড়ে চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ গ্রাহক।

প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ করছে দেশের বেশ কয়েকটি ব্যাংক। এর অংশ হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য কার্ড, এটিএম ও পিওএসসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কৃষি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক সিস্টেম রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নের কারণে গ্রাহকদের কিছু সেবা সাময়িক বন্ধ থাকার বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

ব্যাংকগুলো জানিয়েছে, উন্নত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন করা হচ্ছে। এ কারণে নির্ধারিত সময়ে ব্যাংকের ক্রেডিট কার্ড ও প্রিপেইড কার্ডের লেনদেন বন্ধ থাকবে। একই সময়ে ওই নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ও পয়েন্ট অব সেল (পিওএস) সেবাও ব্যবহার করা যাবে না।

তবে ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ব্যাংকগুলো। এছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং মানি অ্যাপের মাধ্যমে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ে ফান্ড ট্রান্সফার চালু থাকবে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত নয় এমন অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফারও স্বাভাবিক থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকগুলোর ক্ষেত্রে সিস্টেম উন্নয়ন বা নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সেবা সাময়িক বন্ধ রাখা নতুন কোনো বিষয় নয়। প্রযুক্তিগত অবকাঠামোর ধরন এবং কাজের পরিধি অনুযায়ী কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত কিছু সেবা সীমিত থাকতে পারে। কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে ব্যাংকিং সেবাগুলো স্বাভাবিক নিয়মে চালু হবে।

এ সময়ে জরুরি লেনদেনের প্রয়োজন হলে গ্রাহকদের বিকল্প সেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেনের ব্যবহার দ্রুত বাড়ায় প্রযুক্তিগত অবকাঠামোর সক্ষমতা ও নিরাপত্তা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে ব্যাংকগুলো। ফলে কোর ব্যাংকিং সিস্টেম, কার্ড নেটওয়ার্ক ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন এখন ব্যাংকিং কার্যক্রমেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, "নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে। এর প্রভাবে আইটিসি তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে নিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগে থেকে কিছু জানানো হয়নি।"

তিনি জানান, গ্রাহকদের সেবা বন্ধ রাখার বিষয়েও সংশ্লিষ্ট ব্যাংকগুলো আগে কোনো বিজ্ঞপ্তি বা পূর্বঘোষণা দেয়নি। ফলে হঠাৎ করে কয়েকটি সেবা বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

আরিফ হোসেন খান জানান, বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ভালোভাবে নেননি। গুরুত্বপূর্ণ এ ধরনের সিদ্ধান্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে এককভাবে নেওয়াকে তিনি গর্হিত হিসেবে দেখছেন। এ ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়েছেন।

   

About

Popular Links

x