‘‘অবসর–সুবিধা ও অন্যায়ভাবে চাকরিচ্যুতি’’র ক্ষতিপূরণ বাবদ ২২৭ কোটি টাকা চেয়ে মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ।
তিনি ২০১৬ সালে রবির সিইও পদে যোগ দেন। ২০১৬ সালে হন সিইও। পরে ২০২১ সালে তিনি পদত্যাগ করেন।
সোমবার (২২ আগস্ট) ঢাকা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মাহতাব এই মামলা করেন।
এতে রবি আজিয়াটা ছাড়াও প্রতিষ্ঠানটির সাবেক সিইও ইজাদ্দিন ইদ্রিস, বর্তমান বোর্ড চেয়ারম্যান থায়াপরান এস সাঙ্গারা পিল্লাইসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
মাহতাব উদ্দিনের আইনজীবী হাসান এম এস আজিম এক বিবৃতিতে জানান, মাহতাব উদ্দিন ২০২১ সালের ২ আগস্ট পদত্যাগপত্র জমা দেন, যা একই বছরের ৩১ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা। রবির পরিচালনা পর্ষদ সে বছরের ৫ আগস্ট শর্তহীনভাবে সে পদত্যাগপত্র গ্রহণের কথা এক চিঠিতে তাঁকে জানায়। তবে ২০২২ সালের ২২ মে রবি আজিয়াটা গ্রুপ মাহতাব উদ্দিনকে চাকরিচ্যুত করার নোটিশ দেয়।
এই নোটিশের পরেই তার বিরুদ্ধে একটি বিভাগীয় তদন্ত শুরু হয়।
বিবৃতিতে মাহতাবের আইনজীবী বলেন, ৭ অক্টোবর মাহতাব উদ্দিন আহমেদের বিরুদ্ধে ২০১৯ সালে ঘটা এক আর্থিক অনিয়মের অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু করে রবি। যা পরবর্তীতে মিমাংসাও হয়ে যায়। ফলে তার নামে আনা অনিয়মের অভিযোগ সম্পূর্ণ অসত্য।
রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ শাহেদুল আলম জানান, এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।



