২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাড়তি কর দিয়ে কালো টাকা বৈধ করার যে সুযোগ দেওয়া হয়েছিল, তা বাতিল করে নতুন অর্থবছরের বাজেটে পাস করেছে উপদেষ্টা পরিষদ।
রবিবার (২২ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বাজেট প্রস্তাব চূড়ান্ত অনুমোদন করা হয়।
অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সামাজিকনিরাপত্তা খাতে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়েছে।
তিনি বলেন, “প্রস্তাবিত বাজেটে সামাজিকনিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয় ৮১,৭০০ কোটি টাকা। সেটি বাড়িয়ে ৯১,৭০০ কোটি টাকা করে বাজেট পাস করা হয়েছে। এতে এ খাতে বরাদ্দ বেড়েছে ১০ হাজার কোটি টাকা।”
অর্থ উপদেষ্টা আরও বলেন, “আমরা জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা মাত্রা ৫.৫০% ধরেছি। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫০%।”
এদিকে, রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করার পথ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। এ সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, “প্রস্তাবিত বাজেটে বাড়তি কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে সেই বিধান বাতিল করা হয়েছে। ফলে কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না।”
প্রসঙ্গত, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে।



অর্থ উপদেষ্টা: বাজেট অনুমোদিত ২২ জুন, ঈদের ছুটিতে অর্থনীতিতে প্রভাব পড়বে না