দেশের বেশ কয়েকজন জনপ্রিয় শোবিজ তারকার ব্যাংক হিসাব জব্দ (ফ্রিজ) করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জানা গেছে, সময়মতো কর পরিশোধ না করায় এসব তারকাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। কর পরিশোধ হলেই তাদের ব্যাংক হিসাব স্বাভাবিক অবস্থায় ফিরবে।
ব্যাংক হিসাব জব্দ হওয়ার তালিকায় চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সাবিলা নূর ও অভিনেতা আহমেদ শরীফসহ শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা ও সংগঠনের নাম রয়েছে।
সম্প্রতি এনবিআর কর অঞ্চল-১২’র সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৫ জুন এ চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। চিঠিতে ২৫ জনের ব্যাংক হিসাব, বকেয়া কর, টিআইএন, পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয়েছে।
যাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তারা হলেন– হাজী কামাল উদ্দিন, গোলাম মাওলা, ওসমান গণি, আশরাফ হোসেন, মো. জহিরুল হক, জাহিদুর রহমান সিদ্দিক, জোৎভ্রা বেগম, ইউসুফ আলী, সাব্বির হোসেন বাপ্পি, জামাল উদ্দিন চৌধুরী, আল আমিন চৌধুরী, ইরফান সেলিম, কাজী রুবায়েত হাসান, নুসরাত ফারিয়া, নাসিমা খান, নুসরাত ইয়াসমিন তিশা, সাবিলা নূর, রেজাউল করিম (বাপ্পারাজ), এ. কে. এম মোশারফ হোসেন, শবনম পারভীন, পারভীন জামান মৌসুমী, আহমেদ শরীফ, নৃত্তাঞ্চল, এ. কে. এম. হুমায়ন কবির ও মো. মিকাইল হোসেন।
এ বিষয়ে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ হলে আইন অনুযায়ী ব্যাংক হিসাব খুলে দেওয়া হবে।”
সংশোধনী: এর আগে এই প্রতিবেদনটিতে ভুলবশত নুসরাত ইমরোজ তিশার নাম প্রকাশিত হয়েছিল। প্রকৃতপক্ষে সেটি নুসরাত ইয়াসমিন তিশা। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।



