Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে তালা

এই পদক্ষেপ নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এখন পুরোপুরি অচল

আপডেট : ১১ মে ২০২৬, ০৬:১৫ পিএম


বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্যবিরোধী আন্দোলন চরম আকার ধারণ করেছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পর সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছেন কর্মচারীরা। শিক্ষকদের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম এখন পুরোপুরি অচল।

সকাল ৯টা থেকেই ‘শিক্ষক সমাজ’-এর ব্যানারে শিক্ষকরা প্রশাসনিক ভবনের নিচতলায় অবস্থান কর্মসূচি পালন করেন। পরে শিক্ষকদের নির্দেশনায় কর্মচারীরা রেজিস্ট্রার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে তালা ঝুলিয়ে দেন। তালা ঝোলানোর সময় রেজিস্ট্রারসহ অন্য কর্মকর্তারা ভবন থেকে বেরিয়ে যান। মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম নিশ্চিত করেছেন যে, শিক্ষকদের নির্দেশেই এই তালাবদ্ধ কর্মসূচি পালন করা হয়েছে।

শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট ও পদোন্নতি সংক্রান্ত জটিলতা ঝুলে থাকলেও উপাচার্য কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। একাডেমিক কাউন্সিলের সদস্য সহযোগী অধ্যাপক ধীমান কুমার রায় বলেন, “উপাচার্যকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। আমরা তাঁকে কোনো প্রশাসনিক সহযোগিতা করব না।”

ইতিমধ্যেই প্রশাসনিক বিভিন্ন পদ থেকে তিনজন শিক্ষক পদত্যাগ করেছেন এবং বাকিরাও পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। শিক্ষকরা জানান, ছয় মাস আগে বোর্ড বসলেও উপাচার্য রহস্যজনক কারণে পদোন্নতি আটকে রেখেছেন। বর্তমানে একজন শিক্ষককে পাঁচজনের কাজ করতে হচ্ছে, যা শিক্ষার মান ব্যাহত করছে।

আন্দোলনকে ‘আইনবিরোধী’ আখ্যা দিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “শিক্ষকরা কর্মবিরতি পালন করতে পারেন, কিন্তু অন্যের কাজে বাধা দেওয়া বেআইনি। তাঁরা এই পথ থেকে সরে না দাঁড়ালে প্রশাসন ব্যবস্থা নেবে।” পদত্যাগের সম্ভাবনা নাকচ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সরকার নিয়োগ দিয়েছে এবং সরকার প্রত্যাহার না করা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।

টানা ক্লাস-পরীক্ষা বন্ধ এবং শাটডাউনের কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সেশনজটের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে শিক্ষক নেতাদের দাবি, সংকট সমাধান হলে অতিরিক্ত ক্লাস নিয়ে তাঁরা শিক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে দেবেন।

   

About

Popular Links

x