ঈদ-উল-ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’। এখনও দেশ-বিদেশের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শিত হয় সিনেমাটি। কিন্তু দর্শকদের আগ্রহ বহুগুণে বাড়িয়ে দিতে এবার ঈদ-উল-আজহা উপলক্ষে ২১ মে চরকিতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রশংসিত সিনেমা ‘দম’।
বুধবার (১৩ মে) বেলা ১ টায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ‘দম’ সিনেমার ট্যাগ লাইন ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’।
রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাতে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি।
পরিচালক রেদওয়ান রনি বলেন, “আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতে মুক্তির মাধ্যমে এই জয়ের গল্প সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই ‘দম’ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আশা করছি সবার ঈদ হবে দমদার।”
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল আশাবাদ ব্যক্ত করে বলেন, “প্রেক্ষাগৃহের দর্শকরা বলছেন ‘দম’ সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রের মান লেভেল আপ করেছে। প্রতি সিনেমায় এটাই আমাদের চেষ্টা থাকে। এই চেষ্টাটা এবার সবাই দেখার সুযোগ পাবেন, সে জন্য ভালো লাগছে।”
চরকি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দেশ-বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন প্ল্যাটফর্মটিতে। প্রেক্ষাগৃহ নেই বা বিদেশ বলে এখন আরও কোনো বাঁধা থাকছে না। চরকিতে যে কোনো জায়গা থেকে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা। এটাই আনন্দের।”



