জনপ্রিয় সিনেমা ‘জুরাসিক পার্ক’ এর অভিনেতা স্যাম নিল (৭৮) মারা গেছেন।
সোমবার (১৩ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনিতে এই জনপ্রিয় অভিনেতার মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা একে ‘আকস্মিক ও অপ্রত্যাশিত’ আখ্যা দেন। বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে খবরটি প্রকাশ করেছে।
পরিচালক স্টিভেন স্পিলবার্গের সিনেমা ‘জুরাসিক পার্ক’-এ ড. অ্যালান গ্র্যান্ট চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন স্যাম নিল।
সাম্প্রতিক বছরগুলোতে ক্যানসারের চিকিৎসা নিয়েছেন স্যাম। তবে চলতি বছর ক্যানসারমুক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও মৃত্যুর খবর সামনে এলো।
স্যাম নিলের পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। তবে তিনি সিডনির সেন্ট ভিনসেন্ট বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানানো হয়।
বিবৃতি অনুযায়ী, মৃত্যুর সময় পরিবারের সদস্যদের সান্নিধ্যে ছিলেন স্যাম। নিজের জীবন যেভাবে অতিবাহিত করেছেন, ঠিক সেভাবেই সম্মানজনকভাবে পরপারে পাড়ি দেন তিনি।
এ অভিনেতার মৃত্যুতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এক বার্তায় বলেন, ‘‘নিল ‘মহানদের অন্যতম ছিলেন।’ ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি নিউজিল্যান্ডের গল্পগুলোকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন এবং আমাদের চলচ্চিত্র শিল্পকে আজকের জায়গায় তুলে আনতে তার প্রতিভাকে কাজে লাগিয়েছেন।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা সবাই মারা যাওয়ার আরও অনেক দিন পর পর্যন্ত তার কাজগুলো মানুষ দেখবে ও ভালোবাসবে।’’
১৯৪৭ সালে নর্দার্ন আয়ারল্যান্ডে জন্ম নেন নিল। শৈশবেই নিউজিল্যান্ডে পাড়ি জমান তিনি। বাবা-মা তার নাম রেখেছিলেন নাইজেল জন ডারমট নিল। তবে পরে তিনি ‘স্যাম’ নামটি ব্যবহার শুরু করেন।
১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তারকা থেকে মহাতারকায় রূপান্তরিত হন স্যাম নিল।



