পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এ চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক কোনো বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মর্যাদাপূর্ণ এ উৎসবের অরিজোন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আনুষ্ঠানিকভাবে উৎসবের নির্বাচিত ছবিগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানেই মিললো ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’- এর নাম। এই বিভাগে আরো ১৮টি ছবি নির্বাচিত হয়েছে। এখান থেকে বাছাই করে সেরা ছবি খুঁজে নেবেন জুরি সদস্যরা।
সেপ্টেম্বরে বসবে এর ৮৩তম আসর। আর এই আসরে রুবাইয়াত হোসেনের চলচ্চিত্রটি লড়বে উৎসবের অন্যতম প্রতিযোগিতায়।
ঐতিহাসিক এ অর্জনের খবরে ভীষণ উচ্ছ্বসিত ছবির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুক বার্তায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কী অসাধারণ এক মুহূর্ত! পুরো টিমের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ভেনিস উৎসবের মতো আয়োজনের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া যেকোনো ফিল্মমেকারের জন্যই বিরাট অর্জন, সেই সঙ্গে বাংলাদেশের জন্যও বড় মাইলফলক এটি।’
বাঁধন জানান, তিনি এখানে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তারপরও এই ‘ঐতিহাসিক’ জার্নির অংশ হতে পেরে গর্বিত ও সম্মানিত তিনি।
এদিকে নির্মাতা রুবাইয়াত সংবাদমাধ্যমকে জানান, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস উৎসবে পাঠানোর কিছুদিন পরই তিনি খবর পান, আয়োজকরা ছবিটি পছন্দ করেছেন। ফলে নির্বাচনের আভাস পাচ্ছিলেন।
পরিচালক রুবাইয়াত হোসেন জানান, এই চলচ্চিত্রের চিত্রনাট্য নিয়ে তিনি দীর্ঘ ২০ বছর কাজ করেছেন। অথচ এর চিত্রগ্রহণ সম্পন্ন হয়েছে মাত্র ২৬ দিনে। ২০২৫ সালের ৮ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত চলচ্চিত্রটির শুটিং চলে। ফ্রান্সের প্যারিস এবং পর্তুগালের লিসবনে এর পোস্ট-প্রোডাকশনের কাজ হয়েছে। বর্তমানে প্যারিসেই ছবিটির চূড়ান্ত শব্দ মিশ্রণের কাজ করছেন পরিচালক।
এই চলচ্চিত্রের একটি বিশেষ দিক হলো, এর প্রতিটি বিভাগের ‘হেড অব ডিপার্টমেন্ট’ নারী (সুরকার বা কম্পোজার বাদে)। এছাড়া চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত চারজন নারী সদস্যই বাংলাদেশের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ বিজয়ী। পরিচালক রুবাইয়াত হোসেন নিজে শ্রেষ্ঠ পরিচালক ও সংলাপ রচয়িতা হিসেবে এই পুরস্কার পেয়েছেন। আর তিন কেন্দ্রীয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু এবং সুনেরাহ কামালও বিভিন্ন সময়ে শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় স্বীকৃতি পেয়েছেন।
উল্লেখ্য, ভেনিসের অরিজোন্তি বিভাগটি মূলত নবীন ও নতুন ধারার নির্মাতাদের জন্য। যারা চলচ্চিত্রে নতুন চিন্তা, ভাষা ও গল্প তুলে ধরেন, তাদের ছবিই এখানে জায়গা পায়। সেদিক থেকেও রুবাইয়াতের এ পদচিহ্ন বিশেষ গুরুত্ব বহন করছে।
ভেনিস চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রতিনিধিত্ব করতে পরিচালক রুবাইয়াত হোসেনের সঙ্গে উপস্থিত থাকবেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ কামাল, আজমেরী হক বাঁধন ও দামীর খান।



