"সব চেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার পূর্ণ পরিমাপ নাই বাহিরের দেশে কালে। সে অন্তরময়, অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়..." কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার দুটি লাইনের উদ্ধৃতি দিয়ে ঢালিউডের সুপারস্টার শাকিব খান তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমত্ববোধের কথা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তিনি শেখ হাসিনাকে 'মমতাময়ী' আখ্যা দিয়ে নৌকায় ভোট চেয়েছেন।
"শাকিব খান নৌকার পক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন"- বেশ কিছুদিন ধরেই ভেসে বেড়াচ্ছিল এমন গুঞ্জন। শেষ পর্যন্ত তা না হলেও এ ভিডিওচিত্রের মাধ্যমে তিনি নৌকার পক্ষে নিজের সমর্থনের কথা তুলে ধরলেন।
ভিডিওবার্তায় শাকিব বলেন, নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব, রিক্ত, মা-বাবাহীন রুনাকে নিজের মেয়ের মর্যাদা দেওয়া থেকে শুরু করে দেশে ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি অসহায় শিল্পী-সাহিত্যিক সবার পাশেই দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী...এভাবেই তিনি বাংলাদেশকে, বাংলাদেশের ১৬ কোটি মানুষকে পরম মমতায় আগলে রেখেছেন। আর তাইতো তিনি পুরো পৃথিবীর মানুষের কাছে হয়ে উঠেছেন মাদার অব হিউম্যানিটি।
প্রায় দেড় মিনিটের ভিডিও বার্তার শেষ দিকে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট চান শাকিব খান।



