ক্যারিয়ারে নানা চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এবার তাকে দেখা যাবে আইনজীবীর চরিত্রে। “মোবারকনামা” ওয়েব সিরিজে মোশাররফ করিম আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। শুটিং শেষ হয়ে এখন চলছে সিরিজটির সম্পাদনার কাজ। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে এটি।
ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল। আট পর্বের এই সিরিজে মোবারক চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
মোবারকনামার গল্পে দেখা যাবে, পেশাগত জীবনে সফল ও সৎ আইনজীবী মোবারক। তিনি পেশায় নিজের সততা ও শক্তির জানান দিয়েছেন, হার মানেননি। কিন্তু একটি ভুল সিদ্ধান্তের কারণে মোবারককে আইন পেশা থেকে সরে আসতে হয়। পরে চাঞ্চল্যকর একটি মামলায় তাকে সিদ্ধান্ত বদলাতে হয়। অবসর থেকে ফিরে মোবারককে লড়তে হয় এক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। বহুদিন পর আবার আইনজীবীর বেশে হাজির হতে হয় আদালতে।
নির্মাতা জানিয়েছেন, আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে সিরিজটি। সিরিজটির কাহিনি পুরান ঢাকাকেন্দ্রিক। যে কারণে শুটিংও হয়েছে পুরান ও নতুন ঢাকা মিলিয়ে।
এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “দর্শক ওয়েব সিরিজে নতুন গল্প দেখতে চায়। এটি তেমনই। আমার চরিত্রটিও অসাধারণ। দর্শকের পছন্দ হবে কাজটি।”
এর আগে, হইচইয়ে মুক্তি পেয়েছিল আশফাক নিপুণের পরিচালনায় মোশাররফ অভিনীত ‘মহানগর’ ও ‘মহানগর ২’। যাতে ওসি হারুন চরিত্রে দুই বাংলায় বাজিমাত করেন মোশাররফ করিম।



