“উচ্চারিত পঙক্তিমালায় উজ্জীবিত হোক মানবতা” স্লোগানে বাংলা ভাষার সঠিক চর্চার প্রয়াসে প্রতিবছরের মতো এবারও রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত হয়েছে “একজ আবৃত্তি উৎসব”। গোয়ালন্দের তরুণদের সামাজিক সংগঠন “একজ জাগরণে’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোয়ালন্দের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এই আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন- দেশবরেণ্য আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম, মাসকুর-এ-সাত্তার কল্লোল ও ইকবাল আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে দেশের ১২টি জেলার বিভিন্ন সংগঠন ও শিল্পীরা ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন।
সংগঠনগুলোর মধ্যে রয়েছে- কুষ্টিয়া আবৃত্তি পরিষদ কুষ্টিয়া, ধৈবত আবৃত্তি ভূমি মাদারীপুর, উদ্ভাস আবৃত্তি সংগঠন মাদারীপুর, অনুনাদ গোপালগঞ্জ, ওঙ্কার আবৃত্তি কেন্দ্র সিরাজগঞ্জ, সঙ থিয়েটার ফরিদপুর ও একজ আবৃত্তি পরিবার, গোয়ালন্দ রাজবাড়ী, স্বরবিন্যাস বাগেরহাট।
এদিন শ্রোতারা বৃষ্টি উপেক্ষা করে মন্ত্রমুগ্ধের মতো আবৃত্তি উপভোগ করেন। ঢাকার বাইরে আবৃত্তির এতো বড় আয়োজন ও শ্রোতাদের আগ্রহ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুরজিত চক্রবর্তী।

প্রসঙ্গত, ২০১০ সালে প্রতিষ্ঠিত সংগঠন “একজ জাগরণে” বৃক্ষরোপণ, পাখি রক্ষা, পাঠাভ্যাস উন্নয়ন, সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের জন্য পুরো রাজবাড়ী জেলায় বেশ জনপ্রিয়।
একজ জাগরণের আহ্বায়ক সুজন সারওয়ার বলেন, “আমরা ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি শুদ্ধ উচ্চারণে স্মরণোৎসব আয়োজনের মধ্য দিয়ে সামাজিক সংগঠন একজের যাত্রা শুরু করি। এরপর থেকে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি আমাদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আবৃত্তি উৎসবের আয়োজন করে থাকি। মাঝে করোনার জন্য ৩ বছর এই আয়োজন করতে পারিনি। তবে এবার আমরা এই আয়োজন করেছি।”



