Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জায়েদ খান: নিপুণের কারণে শিল্পীদের বদনাম হচ্ছে

নিপুণের রিট দায়েরের খবরে তার কঠোর সমালোচনায় মেতেছেন চিত্রনায়ক জায়েদ খান

আপডেট : ১৬ মে ২০২৪, ০৩:৩৩ পিএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এক মাস হতে চলল। ভোটের ফল প্রকাশের পর ওই দিনই বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে স্বাগত জানান অভিনেত্রী ও সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। কিন্তু হঠাৎ ১৫ মে নির্বাচনের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ।

রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বুধবার (১৫ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটি দায়ের করা হয়। নিপুণের পক্ষে এ রিট করেন অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়।

এদিকে নিপুণের রিট দায়েরের খবরে তার কঠোর সমালোচনায় মেতেছেন চিত্রনায়ক জায়েদ খান। যদিও তাদের পুরনো দ্বন্দ্বের কথা সবারই জানা। শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়ে দুইজনের সেই দ্বন্দ্ব গড়িয়েছিল আদালত পর্যন্ত।

বুধবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়ে জায়েদ খান বলেন, “নতুন কমিটিকে ফুলের মালা পরিয়ে দিয়ে ওই দিন তিনি বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। অথচ এত দিন পর এসে উনার মনে হলো, নির্বাচন সুষ্ঠু হয়নি। এটা দ্বৈতনীতি! আলোচনায় থাকা অথবা কারও প্ররোচনায় এমন কাজ করেছেন তিনি।”

এটাকে নোংরা মানসিকতা উল্লেখ করে তিনি আরও বলেন, “শিল্পীরা এত জঘন্য হতে পারে না। তার কারণে শিল্পীদের বদনাম হচ্ছে। আশা করছি, শিল্পীরা সবাই মিলে উনাকে প্রতিহত করবে।”

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন। এতে সভাপতি পদে মিশা ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। তিনি পেয়েছেন ২০৯ ভোট।

নির্বাচনের পর নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল মালা দিয়ে বরণ করে নেন নিপুণ। পুরো ভোটপ্রক্রিয়া সুষ্ঠু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে রিট করে নতুনভাবে এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন নায়িকা।

   

About

Popular Links

x