ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আরিফা জামান মৌসুমী। ১৯৭৩ সালের আজকের এই দিনে খুলনা শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ৩ নভেম্বর ৫০ পেরিয়ে ৫১ বছরে পা রাখলেন মৌসুমী। মাত্র ২০ বছর বয়সে নায়ক সালমান শাহের বিপরীতে “কেয়ামত থেকে কেয়ামত”সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল মৌসুমীর।

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া, ছবি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী। সালমান শাহ ছাড়া ওমর সানির সঙ্গেও তার জুটি জনপ্রিয় হয়েছিল। এরপর তারা বিয়ে করেন। মৌসুমী ও ওমর সানির সংসারে রয়েছেন দুই সন্তান ফারদীন ও ফাইজা।
বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। এবারও অভিনেত্রী তার জন্মদিন উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। গেল বছরের অক্টোবরে নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি। এর মধ্যে মৌসুমীর আর দেশে ফেরা হয়নি।

২০২১ সালে জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যম প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌসুমী বলেছিলেন, “দেশের একমাত্র নায়িকা যার বয়স সবাই জানে, সেটা হলো মৌসুমী। শুনি যে বাকি নায়িকাদের বয়স জানতে অনেকের ঘাম ছুটে যায়। বিষয়টি এমন, সবাই যেন কিশোরী। বয়স আমি গণনার মধ্যে রাখি না। তাহলে মনে হবে, আমার আর প্রয়োজন নেই, মারা যাব। আমার কাছে বয়স শুধুই একটা সংখ্যা। যতক্ষণ দায়িত্বজ্ঞান আছে, কাজ করে যাব। ভেতরকার চঞ্চলতা একই রকম থাকবে। মনের বয়স বাড়তে না দিলেই হয়।”
এই মুহূর্তের স্বপ্ন কী জানতে চাইলে মৌসুমী বলেছিলেন, “সাধারণ সব স্বপ্ন। সন্তানদের বাইরে বড় স্বপ্নের মধ্যে মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে অনেক দূর নিয়ে যাওয়ার ইচ্ছা। সুন্দর একটা বৃদ্ধাশ্রমও করতে চাই। এগুলো করতে পারলে নিজেকে অনেক সফল মনে হবে। আর যদি না-ও করতে পারি, আমার অবর্তমানে কেউ না কেউ করবে।”
সন্তানদের প্রসঙ্গে মৌসুমী বলেন, “ফারদীন কিছু কাজ করেছে। আমরা তাকে উৎসাহ দিয়েছি। পরে আমরা দুজন বলেছি, প্রতিষ্ঠিতও হতে হবে। আমাদের দুজনের যা কিছু, সবই তো ওদের দুই ভাই-বোনের। ফারদীন সিনেমা নিয়ে পড়াশোনা করেছে, তাতে আমরা খুশি। এখন পারিবারিক ব্যবসা দেখাশোনা করছে। অভিনয় না করলেও মা-বাবার অভিনয়জীবনের যা কিছু আছে, সবকিছু ফারদীনকেই ধরে রাখতে হবে। আর মেয়ে ফাইজার ইচ্ছা পাইলট হবে। আমরা কিছু বলছি না। কারণ, তার চাওয়া আমাদের কাছে বড়। ফাইজা সিনেমার আশপাশেও নেই, ব্যবসাও পছন্দ করে না।”



