নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকাসহ ৩টি মোবাইল ফোন চুরি হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই অভিনেতা। সোমবার ঘটনার দিন ডিএমপির ভাটারা থানায় নিজে উপস্থিত হয়ে এ অভিযোগ দায়ের করেন তিনি।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহার।
চুরি প্রসঙ্গে ভুক্তভোগী চিত্রনায়ক ওমর সানী জানান, সোমবার সকাল হাঁটতে বেরিয়েছিলেন তিনি। মিনিট ৪০ হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত ২টি মোবাইল ফোন, ২২,০০০ টাকা এবং তার সহকারীর ১টি দামি মোবাইল ফোন চুরি হয়ে গেছে।
ওমর সানি বলেন, ‘‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িংরুমে এসে দেখি আমার স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই। ড্রয়ারে ২২,০০০ টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিকস মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’’
অভিনেতার ধারণা, হাঁটতে বের হওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে এবং ৩টি মোবাইল ফোন ও ২২,০০০ টাকা হাতিয়ে নেয়। যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সব তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব বলেও মনে করেন এই তারকা।



