একসময় জাকির হোসেনের তবলার তালে তালে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে তিনি পৌঁছে দিয়েছিলেন বিশ্ব সঙ্গীতের দরবারে। কিন্তু সেই ব্যক্তিই আজ নেই। সঙ্গীত জগতের এই বিরাট নক্ষত্রের পতনে শোকাহত অস্কারজয়ী শিল্পী এ আর রহমানও। অতীতে একসঙ্গে কাজ করলেও পরে কেন জাকির হোসেনের সঙ্গে জুটি বাঁধলেন না, সেই আফসোস এখন রহমান।
সোমবার (১৬ ডিসেম্বর) জাকির হোসেনের মৃত্যুর প্রতিক্রিয়ায় এ আর রহমান লেখেন, ‘‘জাকির ভাই ছিলেন আমাদের অনুপ্রেরণা। তিনি অসামান্য ব্যক্তিত্বের অধিকারী। তবলাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলার একজন অন্যতম মূল কান্ডারি তিনি। তার এই চলে যাওয়া আমাদের সকলের জন্য অপূরণীয় ক্ষতি। তার সঙ্গে আর কখনও কাজ করতে পারব না। এই আক্ষেপ আমার রয়েই গেল। আমরা একসঙ্গে একটা অ্যালবাম করব বলে ঠিক করেছিলাম। কিন্তু তা আর হলো না। কয়েক দশক আগে যদিও আমার তার সঙ্গে কাজের সুযোগ হয়েছিল। সত্যিই আপনাকে খুব মিস করব।”
উল্লেখ্য, ফুসফুসের রোগ ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিসে আক্রান্ত হয়ে সোমবার ভোরে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে মারা যান জাকির হোসেন



