Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘বিগ বস ১৮’ জিতলেন করণবীর, কত টাকা পুরস্কার পেলেন এই অভিনেতা

অনুষ্ঠানের সঞ্চালক অভিনেতা সালমান খান বিজয়ীর নাম ঘোষণা করেন

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০২:৫২ পিএম

রিয়্যালিটি শো বিগ বসের ১৮তম সিজনের বিজয়ী হলেন করণবীর মেহরা। দীর্ঘ ১০৪ দিন ধরে বিগ বসের ঘরের নানান নাটকীয়তা, নানান টাস্কের পর লাখ লাখ ভোটে বিগ বস জিতলেন করণবীর।

এবারের বিগ বস-১৮ এর ফাইনালে দুজন ফাইনালিস্ট ছিলেন, একজন করণবীর এবং অন্যজন ভিভিয়ান ডিসেনা। রবিবার অনুষ্ঠানটির সঞ্চালক অভিনেতা সালমান খান তার সিগনেচার স্টাইলে মঞ্চের মাঝখানে দাঁড়িয়েছিলেন। আর তার দুপাশে ছিলেন শীর্ষ দুই ফাইনালিস্ট করণবীর ও ডিসেনা। অবশেষে, সালমান করণের হাত তুলে সহ-প্রতিযোগীদের সামনে উচ্চস্বরে করণবীরকে বিগ বস ১৮ বিজেতা হিসাবে ঘোষণা করেন।

বিগ বস ১৮ বিজয়ীকে দর্শকদের ভোটের ভিত্তিতে বেছে নেওয়া হয়। রবিবার বিগ বস ১৮ বিজয়ী হিসাবে করণবীর পান ৫০ লাখ রুপির নগদ পুরস্কার এবং একটি নতুন স্বর্ণের ট্রফি। প্রথম ৫টি সিজনে জয়ীকে দেওয়া হতো ১ কোটি টাকা করে। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।

এই জয়ের পর জনপ্রিয় এই রিয়্যালিটি অনুষ্ঠানের সাম্প্রতিককালের বিজেতা হিসাবে মুনওয়ার ফারুকি, এমসি স্ট্যান এবং তেজস্বী প্রকাশের সঙ্গে জুড়ে গেল টিভি তারকা করণ বর মেহরার নাম। যদিও নির্মাতারা এখনও রানার্সআপের জন্য পুরস্কারের অর্থ ঘোষণা করেননি।

বিগ বস ১৮ এর ফাইনাল

বিজয়ীর নাম ঘোষণার আগে, সালমান খান বিগ বস ১৮-এর সেরা ৬ ফাইনালিস্টের পরিবারের প্রতি আবেগঘন বার্তা দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। পরে চূড়ান্ত প্রতিযোগী ও অন্যান্য প্রতিযোগীরা কয়েকটি নৃত্য পরিবেশন করেন। আর এরপর শুরু হয় এলিমিনেশন পর্ব। এই পর্বে প্রথমে বাদ পড়েন ঈশা সিং, ষষ্ঠ স্থানে ছিলেন তিনি। এরপর বাদ পড়েন অভিনেতা চুম দারাং। এরপর একে একে বাদ পড়েন বাকিরা। অবিনাশ মিশ্র গ্র্যান্ড প্রাইজের দৌড়ে তৃতীয় চূড়ান্ত প্রতিযোগী ছিলেন। শেষ পর্যন্ত শীর্ষ তিনে পৌঁছেও বিদায় নেন রজত দালাল।

   

About

Popular Links

x