মাত্র এক সপ্তাহ আগেও চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ছিল ২০%। সেটা এখন বাড়তে বাড়তে পৌঁছেছে ১২৫%। এ নিয়ে চতুর্থ বারের মতো চীনা পণ্যে শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র। মার্কিন বাজারে চীনের পণ্যে সর্বশেষ ধার্য করা শুল্ক ছিল ১০৪%। বুধবার তা কার্যকর হওয়ার দিনই আবার বাড়ানো হয়।
এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্র আমদানি কমানোর ঘোষণা দিয়েছে চীন। আমদানি পণ্যে উচ্চমাত্রায় শুল্ক আরোপ নিয়ে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের টানাপোড়েনের মধ্যে এ ঘোষণা দিয়েছে চীনের চলচ্চিত্র প্রশাসন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেইজিং থেকে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চীনের চলচ্চিত্র প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, “চীনের ওপর মার্কিন সরকারের নির্বিচারে শুল্ক আরোপের ভুল পদক্ষেপ আমেরিকান চলচ্চিত্রের ওপর আমাদের দর্শকদের অনুকূল আবেগ আরও হ্রাস করতে বাধ্য। আমরা বাজারে নীতি অনুসরণ করবো। দর্শকদের পছন্দকে সম্মান করবো এবং মার্কিন চলচ্চিত্র আমদানি পরিমিতভাবে কমানো হবে।”



